নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১:০৪ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে বিষাক্ত মদ ও বিভিন্ন মাদকদ্রব্যের মিশ্রণে তৈরি ‘ঝাক্কাস’ নামের পানীয় সেবনে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার তরুণ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সাকিব উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) কাদিরহানিফ ইউনিয়নের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় এক প্রবাসী বন্ধুর দেশে ফেরা উপলক্ষে স্থানীয় মিলনের বাড়িতে একটি মাছের বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। পার্টিতে অংশ নেওয়া তরুণরা মদের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় তৈরি করে পান করেন। গভীর রাত পর্যন্ত খাওয়া-দাওয়া ও আড্ডা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

পরদিন শনিবার ভোর থেকেই সাকিবসহ পাঁচজনের তীব্র শারীরিক অসুস্থতা দেখা দেয়। স্বজনরা প্রথমে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে বেলা ১১টার দিকে সাকিব ও মো. টিপুর (২৪) অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী শহরের প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

অসুস্থদের মধ্যে সাইফুল ইসলাম পাখির (২২) শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মো. টিপু (২৪), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেলকে (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তিনজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পান করায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।