রাজবাড়ীতে বিএন‌পি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

অনলাইন ডেস্কঃ
৩ অক্টোবর, ২০২৬ ৪:২৯ পিএম
শেয়ার করুন:
রাজবাড়ীতে বিএন‌পি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের কলাপসিবল গেট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। তবে আগুন ভেতরের অংশে ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। 

শুক্রবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে খবর পেয়ে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কার্যালয়ে ছুটে আসেন। পরে রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

দলীয় কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কার্যালয়ের সব কক্ষ ও গেটের তালা যথাযথভাবে পরীক্ষা করে তিনি বাড়িতে যান। পরদিন শনিবার সকালে খবর পান যে কে বা কারা কার্যালয়ের মূল গেটে আগুন দিয়েছে। তিনি দ্রুত এসে বিষয়টি দলীয় নেতাদের অবহিত করেন। 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক নাশকতা। রাজবাড়ীসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই অপকর্ম ঘটিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের আলটিমেটাম দেন তারা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, "এটি একটি পরিকল্পিত ঘটনা। প্রকাশ্য রাজনীতিতে লড়াই করার সাহস না পেয়ে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে হবে।" 

আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব এবং সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল জানান, রাজবাড়ীর রাজনৈতিক পরিবেশ নষ্ট করতেই এ অপচেষ্টা চালানো হয়েছে। পুলিশকে সহায়তার জন্য দলের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হবে এবং দ্রুত এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন ঢেলে কার্যালয়ের গেটে আগুন লাগানো হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।