নোবিপ্রবি সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি অপরাজিতা, সাধারণ সম্পাদক আরিফ

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
৩ অক্টোবর, ২০২৬ ৪:৪৬ পিএম
শেয়ার করুন:
নোবিপ্রবি সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি অপরাজিতা, সাধারণ সম্পাদক আরিফ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের সংগঠন ‘সিএসটিই ক্লাব’-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপরাজিতা বড়ুয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবেদুল হক আরিফ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন। প্রযুক্তি বিষয়ক সহ-সভাপতি হয়েছেন ১৭তম ব্যাচের মো. শাহেদ হোসাইন নিশাদ, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সহ-সভাপতি অবন্তিকা নাথ, অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ক সহ-সভাপতি মো. ইয়াসিন আরাফাত এবং সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সহ-সভাপতি হয়েছেন তারেক হোসেন। 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আফরিন এবং কোষাধ্যক্ষ হয়েছেন ১৭তম ব্যাচের উরওয়াতুল উসকা ওয়াসি। এ ছাড়া জনসংযোগ সম্পাদক হিসেবে ১৮তম ব্যাচের আব্দুস সাত্তার নায়েম এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ১৯তম ব্যাচের মো. সাকিফুর রহমান মনোনীত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—রাজেশ মজুমদার রন্টি, মাহাপারা চৌধুরী, নুশরাত জাহান জায়মা, সাকিবুল ইসলাম, মো. আশরাফুল শাহ, ইশতিয়াক আল নোমান, সাদিয়া জামান শুকরিয়া, মিশকাতুল ইসলাম, সবুজ বিশ্বাস ও মো. সামির।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সভাপতি অপরাজিতা বড়ুয়া বলেন, “সিএসটিই ক্লাবের সভাপতি হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। তবে শুধু পদ নয়, বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কিছু করতে পারার সুযোগ পাওয়াটাই আমার কাছে মুখ্য। আমরা ক্লাবের কার্যক্রমকে শুধু গতানুগতিক অনুষ্ঠান আয়োজনেই সীমাবদ্ধ রাখতে চাই না; বরং শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতাকে প্রাধান্য দিতে চাই। প্রোগ্রামিং, এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং কিংবা গবেষণার মতো আধুনিক ক্ষেত্রগুলোতে ক্লাব শিক্ষার্থীদের সহযাত্রী হিসেবে কাজ করবে।” 

তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) ও তথ্যপ্রযুক্তি খাতের পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ারের পথ সুগম করতে চাই। জাতীয় পর্যায়ের বিভিন্ন টেকনিক্যাল ইভেন্টে অংশ নিয়ে নোবিপ্রবির গণ্ডি ছাড়িয়ে ক্লাবের সুনাম ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আর এই সবকিছুই আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করতে চাই।”

সাধারণ সম্পাদক মো. আবেদুল হক আরিফ বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বড় অঙ্গীকার। সিএসটিই ক্লাবকে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও পেশাগত লক্ষ্যপূরণের কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। নিয়মিত প্রোগ্রামিং কনটেস্ট ও সেমিনারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস এবং সাইবার সিকিউরিটির ওপর বুটক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।” 

তিনি আরও জানান, “জাতীয় পর্যায়ে একটি বৃহৎ পরিসরে ‘CSTE Fest’ আয়োজন করা এবং বিভাগীয় ব্যাচগুলোর মধ্যে সুসমন্বয় তৈরির মাধ্যমে সিএসটিই ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রোলমডেল ক্লাবে রূপান্তর করাই আমাদের মূল প্রত্যাশা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।