এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ নোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট-২০২৬’। শনিবার (০৩ অক্টোবর ২০২৬) সকালে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “নোবিপ্রবিতে আয়োজিত এই সায়েন্স ফেস্ট একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ। দেশের ৩৮টি স্কুল-কলেজ ও ১২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ সত্যিই আনন্দের ও আশাজাগানিয়া।”
শিক্ষার্থীদের মধ্যে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতির প্রশংসা করে তিনি আরও বলেন, “আজকের এই আয়োজনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি মেয়েদের উপবৃত্তির প্রচলন ঘটিয়ে নারীদের শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। সায়েন্স ফেস্টে অংশগ্রহণকারী সিংহভাগ শিক্ষার্থীই নারী হওয়া তারই অনন্য প্রতিফলন।”
বিজ্ঞানের আধুনিক ধারা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “আমাদের সময়ে প্রযুক্তির এত সুযোগ-সুবিধা ছিল না, কিন্তু তোমাদের হাতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মতো যুগান্তকারী প্রযুক্তি রয়েছে। এই এআই-কে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং মেধার সঠিক বিকাশে কাজে লাগাতে হবে।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “২০২০ সালে যাত্রা শুরু করা নোবিপ্রবি সায়েন্স ক্লাব আজ জাতীয় পর্যায়ে ৪র্থ সায়েন্স ফেস্টের আয়োজন করছে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও আইডিয়া নিয়ে প্রজেক্ট তৈরি করে এখানে হাজির হয়েছে। এই ধরনের প্ল্যাটফর্মই তাদের আগামী দিনের দক্ষ বিজ্ঞানী হওয়ার পথকে সুগম করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদুজ্জামান, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. মো. আমজাদ হোসেন, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা আবদুল করিম, সায়েন্স ফেস্টের প্রথম কার্যকরী কমিটির সদস্য মাহমুদ হাসান তুহিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাদমান বিন রাকিন। সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের নানা অনুষঙ্গ:
দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে নোবিপ্রবিসহ সারাদেশের শিক্ষার্থীদের জন্য মোট নয়টি সেগমেন্ট রাখা হয়েছে। জাতীয় পর্যায়ে সব বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে—পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন ও রোবট লাইন রেস কম্পিটিশন। নোবিপ্রবির নিজস্ব শিক্ষার্থীদের জন্য রয়েছে—প্রোগ্রামিং কনটেস্ট, ই-স্পোর্টস, দাবা প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্ট। এছাড়া স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে প্রজেক্ট শোকেজ ও সায়েন্স অলিম্পিয়াড। বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের জন্য মোট ৫০ হাজার টাকার অর্থপুরস্কার প্রদান করা হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় বারো শতাধিক শিক্ষার্থীর পদচারণায় পুরো ক্যাম্পাস এখন মুখরিত।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।