আলীকদমে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম পাহাড়ে তিন শতাধিক বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৩ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ পিএম
শেয়ার করুন:
আলীকদমে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম পাহাড়ে তিন শতাধিক বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

পার্বত্য বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলীকদম জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি বাসিন্দাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) দিনব্যাপী এ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। ভৌগোলিক দুর্গমতা, অনুন্নত যোগাযোগব্যবস্থা এবং অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এসব প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়া অত্যন্ত দুরূহ। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রগুলো অনেক দূরে হওয়ায় অনেকেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। স্থানীয় জনগোষ্ঠীর এই দুর্ভোগ লাঘব ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলীকদম জোন অধিনায়কের নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পে আলীকদম জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি সামরিক মেডিকেল টিম স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করে। বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে মুরং জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বাড়ির কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মুরুব্বিরা জানান, দুর্গম পাহাড় ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া তাঁদের জন্য একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে অত্যন্ত ব্যয়বহুল। সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে নিজ এলাকাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তাঁরা ভীষণভাবে উপকৃত হয়েছেন।

এ বিষয়ে আলীকদম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা প্রদানের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।