সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

অনলাইন ডেস্কঃ
৩ অক্টোবর, ২০২৬ ১২:২৩ পিএম
শেয়ার করুন:
সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহর। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি বিশেষায়িত লরিতে করে প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি রূপপুরে নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন পুলিশ, বিশেষায়িত নিরাপত্তা দল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় এই পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ কার্গো বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর তা রূপপুরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের জ্বালানি দেশে আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা পার হয়ে এসব চালান পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।