বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালথার যুবকের মৃত্যু

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৩ অক্টোবর, ২০২৬ ৩:০৮ পিএম
শেয়ার করুন:
বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালথার যুবকের মৃত্যু

জীবিকার তাগিদে বিয়ের পর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আবারও মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাঁর সেই স্বপ্ন ও জীবনের প্রদীপ। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে (মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা) দেশটির পেরাক রাজ্যের ‘আই টাওয়ার রাজায়তান’ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ছুটি নিয়ে দেশে আসেন উজ্জল। ওই সময় পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। বিয়ের পর পরিবারের সঙ্গে কিছুদিন সুন্দর সময় কাটিয়ে নতুন জীবনের স্বপ্ন নিয়ে আবারও কর্মস্থল মালয়েশিয়ায় পাড়ি জমান। 

মালয়েশিয়ায় উজ্জলের সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন তাঁর আত্মীয় আরমান শেখ। তিনি জানান, শুক্রবার রাতে রাজায়তান এলাকায় রাস্তা পারাপার কিংবা চলাচলের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন উজ্জল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন ছিল সন্ধ্যা আনুমানিক ৬টা।

এদিকে উজ্জলের অকালমৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পরিবারজুড়ে শুরু হয় শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রিয়জনকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও মা-বাবা। 

উজ্জলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।