ভাঙ্গায় কথিত মাদক ব্যবসাহীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৬ জুন, ২০২৬ ৮:২৭ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় কথিত মাদক ব্যবসাহীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদাসদী গ্রামে কথিত মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে একটি নির্মাণাধীন ভবন ও বসতবাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও তার সহযোগী আইয়ুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, তাদের কার্যকলাপের কারণে এলাকার বহু যুবক ও কিশোর মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে।

এদিকে, সম্প্রতি আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এক জনসমাবেশে স্থানীয়রা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কয়েকশ মানুষ একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ময়না বেগম ও আইয়ুব আলীর নির্মাণাধীন ভবন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।