মহানবীর জীবনাদর্শ ধারণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে: মুন্সি বিল্লাল হুসাইন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৬ আগস্ট, ২০২৬ ৭:৩৭ পিএম
শেয়ার করুন:
মহানবীর জীবনাদর্শ ধারণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে: মুন্সি বিল্লাল হুসাইন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুন্সি বিল্লাল হোসাইন বলেছেন, "মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নন, বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য, সৌহার্দ্য ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই সব ধরনের হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব।"

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিরাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুন্সি বিল্লাল হোসাইন আরও বলেন, "আমাদের সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদেরকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় আদর্শেও গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা বরকত আলী। পরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে একই দিন সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়েও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুরূপ আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুন্সি বিল্লাল হোসাইন। 

সেখানে মহানবীর জীবনাদর্শ, মানবতার শিক্ষা এবং ন্যায় ও সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানগুলোতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।