আটঘর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ এএম
শেয়ার করুন:
আটঘর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার ৬নং আটঘর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন। নির্বাচিত হলে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলা, দুর্নীতি-অনিয়ম, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং জনগণের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এক আলোচনায় নিজের পরিকল্পনা ও নির্বাচনী ভাবনার কথা তুলে ধরেন নাসির উদ্দিন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করা। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, অবহেলিত এলাকার রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। পাশাপাশি একজন জনপ্রতিনিধি কীভাবে জনগণের জন্য কাজ করতে পারেন, সেই দৃষ্টান্ত রেখে যেতে চান।

নাসির উদ্দিন বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের হয়রানি বন্ধে অগ্রাধিকার দেবেন। স্থানীয় বিরোধ ও সমস্যা যথাযথভাবে নিষ্পত্তির উদ্যোগ নেবেন, যাতে সাধারণ মানুষ অযথা আইনি জটিলতায় না পড়েন। ইউনিয়ন পরিষদের প্রতিটি উন্নয়ন বরাদ্দের যথাযথ ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।

নিজের অতীত কর্মকাণ্ড তুলে ধরে তিনি জানান, ১৯৯২ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে মানুষের সেবায় যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে অবহেলিত এলাকার মাটির রাস্তা ও কালভার্ট নির্মাণে ভূমিকা রেখেছেন। অন্যায়, অপকর্ম ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করেছেন। এ কারণে একাধিক মামলারও মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন তিনি।

কেন মানুষ তাঁকে ভোট দেবেন এমন প্রশ্নে নাসির উদ্দিন বলেন, একজন প্রার্থীর যোগ্যতা তাঁর অতীত কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার ইতিহাস দিয়ে বিচার করা উচিত। তিনি অন্যায় করেন না, অন্যায়কে প্রশ্রয়ও দেন না। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে দায়িত্ব পালনের সুযোগ চান তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রথমেই মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অপরাধ নির্মূলে কাজ করবেন। এরপর উন্নয়ন, সুশাসন ও জনসেবার মাধ্যমে ৬নং আটঘর ইউনিয়নকে দেশের অন্যতম উন্নত ও আদর্শ ইউনিয়নে পরিণত করতে চান।

তিনি বলেন, আমি এমন একটি দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ভবিষ্যতের জনপ্রতিনিধিরাও বুঝতে পারেন চেয়ারম্যানের দায়িত্ব পরিবারের জন্য নয়, জনগণের জন্য কাজ করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।