আলফাডাঙ্গায় ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) উপজেলা সদরের কলেজ রোডস্থ রিয়াদ ভবনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। 

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি। দিনভর ক্যাম্পে আগত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ আলম এবং আরামবাগ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। অর্থাভাবের কারণে সমাজের বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার এই আয়োজন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামচুদ্দিন হাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম মহিউদ্দিন আহাম্মেদ, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম এবং তরুণ সমাজসেবক হুমায়ুন কবির। 

সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, “মানবকল্যাণে কাজ করাই ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র মূল লক্ষ্য। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এ প্রয়াস। ভবিষ্যতেও আলফাডাঙ্গাবাসীর কল্যাণে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।”

‘এসো আলফাডাঙ্গা গড়ি’র যুগ্ম সম্পাদক এম আর রাসেলের সঞ্চালনায় আয়োজিত এ ক্যাম্পে শুধু বিশেষজ্ঞ পরামর্শই নয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার ব্যয় লাঘবে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।