এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জীবিকার আশায় ২০২৩ সালে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার ২৪ তরুণ। তিন বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, মানবপাচারকারী দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় নেওয়ার পর ওই তরুণদের বিভিন্ন কারাগারে বন্দী রাখা হয়েছে। সন্তানদের জীবিত দেশে ফিরিয়ে আনতে এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় স্বজনরা।
পরিবারগুলোর অভিযোগ, পারভেজ মোল্লা নামে এক দালাল ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের স্বজনদের লিবিয়ায় পাঠান। সেখানে যাওয়ার পর কিছুদিন যোগাযোগ থাকলেও একপর্যায়ে তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজদের মধ্যে সালথা উপজেলার রিয়াজ মোল্লা, তুহিন সরদার, ফিরোজ মোল্লা, তানভীর মোল্লা ও সালমান মোল্লাসহ ২৪ জন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নিখোঁজ মো. হাচিবুল হাসানের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তিন বছর ধরে আমার ছেলের কোনো খবর নেই। প্রতিদিন অপেক্ষা করি, যদি একবার ফোন দেয়। সরকারের কাছে হাতজোড় করে বলি, আমার সন্তানকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে দিন।”
ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামের নিখোঁজ রবিউল ইসলামের বাবা নান্নু খান বলেন, “জমি বিক্রি করে, ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। আজ টাকা নেই, ছেলেরও কোনো খোঁজ নেই। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে চাই।”
নিখোঁজদের স্বজনদের পক্ষে ‘পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা’র চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।
তিনি বলেন, “২৪টি পরিবার আজ নিঃস্ব ও অসহায়। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত তাদের পরিচয় যাচাই করে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা জরুরি।”
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “এটি একটি মানবিক বিষয়। আবেদন পাওয়ার পর পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ আল ফাহাদ বলেন, “দালাল চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত দালাল পারভেজ মোল্লার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিখোঁজ ২৪ তরুণের পরিবার দ্রুত সরকারি ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
ফেব্রু ১১, ২০২৬
জুলাই ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।