আলফাডাঙ্গায় আলোচিত রবিউল হত্যা মামলার আসামি মারুফ গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৬ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় আলোচিত রবিউল হত্যা মামলার আসামি মারুফ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বহুল আলোচিত রবিউল ইসলাম শেখ ওরফে পাইচো (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি মারুফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে রবিউল ইসলাম কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। সম্প্রতি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা রবিউল ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। স্থানীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২৬ জুন একই বিরোধের জেরে বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে রবিউল ইসলামের ভাতিজা কলেজছাত্র সুমন শেখকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়েছিল। সুমন কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও আলাউদ্দিন শেখের ছেলে ছিলেন। 

স্থানীয়রা জানান, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। সুমন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। তবে রবিউল হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মাত্র আড়াই মাসের ব্যবধানে একই বিরোধের বলি হয়ে চাচা ও ভাতিজা খুন হওয়ায় পুরো এলাকায় নতুন করে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ শেখকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।