নোয়াখালীতে রোগী সেজে হাসপাতালে চেইন চুরি, এক্স-রেতে পেটে মিলল সোনা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে রোগী সেজে হাসপাতালে চেইন চুরি, এক্স-রেতে পেটে মিলল সোনা

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়েছে। শুরুতে তার দেহ তল্লাশি করে চেইন পাওয়া না গেলেও পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর লাইনে এ চুরির ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসেন বিবি ফাতেমা নামের এক নারী। হাসপাতালের আউটডোরের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা তাকে ধাক্কা দিয়ে কৌশলে তার গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় চক্রের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে হাতেনাতে আটক করেন রোগীর স্বজনরা।

ঘটনার বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি চেইন দুটি গিলে ফেলেছেন বলে স্বীকার করেন। এরপর হাসপাতালে এনে এক্স-রে করানো হলে তার পেটের ভেতর সোনার চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পেট থেকে চেইনগুলো উদ্ধারের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত ও ওসির দায়িত্বে) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগী পক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।