কালীগঙ্গা নদীতে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা নিখোঁজ; দুর্ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২০ অক্টোবর, ২০২৬ ৬:৪২ পিএম
শেয়ার করুন:
কালীগঙ্গা নদীতে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা নিখোঁজ; দুর্ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেলবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারীকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক শিশু ও তার মা তলিয়ে যান। পরবর্তীতে শিশুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হলেও তার মা নিখোঁজ থাকেন।

মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী উদ্ধারকাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ তৎপরতা চালানোর নির্দেশনা দেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানা-পুলিশের সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে কালীগঙ্গা নদীতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।