নগরকান্দায় অভিনব কায়দায় পাচারের সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ আটক ১

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২১ অক্টোবর, ২০২৬ ৫:৫২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অভিনব কায়দায় পাচারের সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ আটক ১

ফরিদপুরের নগরকান্দায় ট্রলি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. জাফর সেখ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার তালমার মোড় বাজার এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার জাফর সেখ পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ সেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালমার মোড় এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেয় অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় জাফর সেখের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁর সঙ্গে থাকা একটি কালো রঙের ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটির ভেতরে বিশেষভাবে তৈরি একটি চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো পলি প্যাকেটে রাখা ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়; যার মোট ওজন ৩৯২ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জাফর সেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।