থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১৩ অক্টোবর, ২০২৬ ২:৩৭ পিএম
শেয়ার করুন:
থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, “ভৌগোলিক কারণেই পাহাড়ি জনপদে দুর্যোগের ঝুঁকি সমতলের চেয়ে অনেকটাই ভিন্ন। পাহাড় ধস, আকস্মিক পাহাড়ি ঢল কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। একটি দুর্যোগ সহনশীল দেশ গড়তে সচেতনতার সূচনা হতে হবে নিজের ঘর থেকেই। প্রতিটি পরিবার যদি সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সজাগ থাকে এবং প্রাথমিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে, তবে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষকে সুরক্ষিত রাখতে পারে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহের সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।