বান্দরবানের দুর্গম থানচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ২৫৩ পাহাড়ি মানুষ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৯ জুন, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন:
বান্দরবানের দুর্গম থানচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ২৫৩ পাহাড়ি মানুষ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্প। দুর্গম অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়িত পিআরএলসি (PRLC) প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিন ৮ জুন রেমাক্রি বাজারে এবং দ্বিতীয় দিন ৯ জুন বড় মদক বাজারে এ ক্যাম্প পরিচালিত হয়। দুর্গম এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ মোট ২৫৩ জন স্থানীয় বাসিন্দা এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডা. নাদিয়া হাসেম প্রীতি এবং মেডিকেল অফিসার (মেডিসিন) ও সহকারী সার্জন ডা. নওরিন সুলতানা। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে হামের (Measles) টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পেশল চাকমা, মনিটরিং অফিসার রামখমলিয়ান বম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিএনকেএসের কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি নেতৃবৃন্দ। তারা পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করা এবং শিশু ও মাতৃস্বাস্থ্যসহ সার্বিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।