ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১:৪৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে ব্যাপক জনসচেতনতা এবং যথাযথ পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। সময়মতো সঠিক পূর্বাভাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জরুরি মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাওয়া, কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসার ওপর সভায় আলোকপাত করা হয়। 

বক্তারা আরও উল্লেখ করেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ সফলভাবে মোকাবিলা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই একটি দুর্যোগ-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে জরুরি পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা রক্ষা ও উদ্ধার তৎপরতা বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।