চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে ধরা পড়লেন পুলিশ সদস্য

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ৯:২১ এএম
শেয়ার করুন:
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে ধরা পড়লেন পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবান জেলা পুলিশের এক কনস্টেবলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) খুলশী থানা-পুলিশের এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশে কর্মরত। প্রাথমিক তদন্তে তিনি একটি সংঘবদ্ধ চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। 

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবান জেলা পুলিশের ওই কনস্টেবল ও তাঁর চার সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। চক্রটির সঙ্গে আর কারা জড়িত এবং চোরাই যান কেনাবেচায় তাঁদের ভূমিকা কতটুকু, তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চট্টগ্রাম নগরে চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত চক্রগুলোকে শনাক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে প্রথমে চক্রটির এক সদস্যকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কনস্টেবল অনিক দাশসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল অনিক দাশের এই চোরাই চক্রের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার তথ্য মিলেছে। চক্রের পেছনের অন্য হোতাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।"

এদিকে বিষয়টি সম্পর্কে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, চট্টগ্রাম নগরে চোরাই মোটরসাইকেলসহ তাঁদের জেলার এক কনস্টেবল আটক হওয়ার খবর তাঁরা পেয়েছেন। মামলার প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।