রিহ্যাবে পাঠাতে চাওয়ায় মা-বাবাকে ছুরিকাঘাত: মায়ের মৃত্যু, বাবা আশঙ্কাজনক

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পিএম
শেয়ার করুন:
রিহ্যাবে পাঠাতে চাওয়ায় মা-বাবাকে ছুরিকাঘাত: মায়ের মৃত্যু, বাবা আশঙ্কাজনক

কুড়িগ্রাম সদর উপজেলায় মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠাতে চাওয়ায় মা-বাবাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে এক মাদকাসক্ত ছেলে। এতে ছুরিকাঘাতে মা মুনিরা বেগমের (৫৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলীকে (৬৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার ভোরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামে (খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে) এই বর্বরোচিত ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভন ওরফে সুমন (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা-বাবা এর আগেও তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন; কিন্তু প্রতিবারই তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। সম্প্রতি আবারও তাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেন মা-বাবা। 

এরই অংশ হিসেবে বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি বুঝতে পেরে শোভন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঘর থেকে ধারালো একটি ছুরি এনে মায়ের বুকে সজোরে আঘাত করেন। এ সময় স্ত্রীকে বাঁচাতে বাবা সরদার আলী এগিয়ে এলে শোভন তার পেটেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যান শোভন।

পরে উপস্থিত নিরাময় কেন্দ্রের কর্মী ও স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবা সরদার আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শোভনকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।