বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সংসদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজার পূর্বে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, এই প্রবীণ নেতার জানাজা ও দাফন কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। 

এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।