টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে লুটপাট, খোয়া গেল ১৯ লাখ টাকার মালামাল

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৫:২২ পিএম
শেয়ার করুন:
টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে লুটপাট, খোয়া গেল ১৯ লাখ টাকার মালামাল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক দুবাই প্রবাসীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার কামারখাড়া গ্রামে প্রবাসী মহিউদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুখে গামছা বাঁধা ৩ থেকে ৪ জনের একটি চোর চক্র বাড়িতে হানা দেয়। চোরেরা শুরুতেই বাড়ির প্রবেশপথে থাকা আইপি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেয়। পরে তারা ঘরে প্রবেশ করে প্রবাসী মহিউদ্দিনের মা হাওয়া বেগম, স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। চিৎকার-চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাদের পরনে থাকা স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও রুপার নূপুর ছিনিয়ে নেয়। এছাড়া ঘরের আলমারি ভেঙে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায় তারা। এতে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি।

প্রবাসী মহিউদ্দিন খান মুঠোফোনে জানান, তিনি জীবিকার প্রয়োজনে দুবাই থাকেন এবং তাঁর বড় ভাই ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “প্রবাসে হাড়ভাঙা খাটুনি দিয়ে উপার্জিত সম্বল এভাবে খোয়া গেল। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন দ্রুত লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।”

ভুক্তভোগী মহিউদ্দিনের মা হাওয়া বেগম আতঙ্কিত কণ্ঠে বলেন, “চোরদের মুখ গামছা দিয়ে পেঁচানো থাকায় চিনতে পারিনি। আমার গলার চেইন খুলতে সামান্য দেরি হওয়ায় তারা ধারালো অস্ত্রের ভয় দেখায় এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। মুহূর্তের মধ্যেই তারা সবকিছু লুট করে নিয়ে যায়।”

ঘটনার খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের বড় ভাই মোস্তফা খান ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে আসেন এবং দুপুরে টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।