নেছারাবাদে পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২০ অক্টোবর, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ

পিরোজপুরের নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা দেখে ট্রলারে বাড়ি ফেরার পথে কালীগঙ্গা নদীতে এক মর্মান্তিক ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অদ্রিতা বেপারী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তার মা রিনা বেপারী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন। 

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট সংলগ্ন কালীগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় মহা অষ্টমীর পূজা দেখে প্রায় অর্ধশত যাত্রী একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। ট্রলারটিতে যাত্রীদের পাশাপাশি পাঁচটি মোটরসাইকেলও বোঝাই করা ছিল। ফেরিঘাট এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী ও মালপত্রের চাপে ট্রলারটি হঠাৎ নিয়ন্ত্রণ ও ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। 

ট্রলারডুবির পরপরই অধিকাংশ যাত্রী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী ও মেয়ে অদ্রিতা বেপারী নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত ১২টার দিকে নদী থেকে শিশু অদ্রিতার নিথর দেহ উদ্ধার করা হয়। তবে তার মা রিনা বেপারীর কোনো সন্ধান মেলেনি। 

স্বজনহারা শংকর বেপারী কান্নায় ভেঙে পড়ে জানান, “পরিবার নিয়ে অষ্টমী পূজা দেখে ফিরছিলাম। অতিরিক্ত যাত্রীর ভারে ট্রলারটি হঠাৎ একদিকে কাত হয়ে ডুবে যায়। আমি স্ত্রী ও মেয়েকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু মেয়ে সাঁতার না জানায় তাকে রক্ষা করতে গিয়ে ওর মা-ও পানির গভীরে তলিয়ে যায়। চোখের সামনেই দুজনকে হারালাম, কাউকেই বাঁচাতে পারলাম না।”

নিখোঁজ নারীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।