‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ১১:০০ এএম
শেয়ার করুন:
‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল দায় স্বরাষ্ট্রমন্ত্রীর হলেও তাঁকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পূর্ব বাড্ডায় শ্রী শ্রী নিমতলা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। পরবর্তীতে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো, কিন্তু আইনশৃঙ্খলার চরম অবনতির জন্য প্রধানত যিনি দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে না। তিনি নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ ফেলে তিনি এখন সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। দেশবাসী এখন তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।”

ইশরাক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন; আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এর আগেও একজন পদত্যাগ করেছিলেন, কিন্তু তাঁকেও এখনো গ্রেপ্তার করা হয়নি। দেশ এখন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা বা নির্দেশে পরিচালিত হচ্ছে—যা কোনোভাবেই গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ হতে পারে না।”

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংশোধন কমিটির নামে সরকার প্রহসন করছে। দেশের জনগণ ইতিমধ্যে এ কমিটিকে প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে তাঁরা পূর্বনির্ধারিত সংস্কার প্রস্তাবগুলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছেন, যা জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।”

মণ্ডপ পরিদর্শনকালে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।