আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে কোনো সরকারপ্রধানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এটিই প্রথম।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করবেন। দিনব্যাপী সফর শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই তিন বিভাগীয় সফরের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি নিচে তুলে ধরা হলো:

রংপুর পর্ব
সফরের শুরুতে সকালে প্রধানমন্ত্রী রংপুরে পৌঁছাবেন। সেখানে তিনি বর্ণিল সাজে সজ্জিত রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো রংপুর নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী পর্ব
রংপুর পরিদর্শন শেষে দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছাবেন। সেখানে তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। 

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকাল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে রাজশাহীর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, প্রধানমন্ত্রীর এই জনসভা ঐতিহাসিক রূপ নেবে। জনসভা থেকে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী থেকে ঢাকা, কলকাতা ও চট্টগ্রামে সরাসরি তিনটি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের সুবিধাসহ উত্তরাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

চট্টগ্রাম পর্ব
সফরের শেষভাগে বিকেলে প্রধানমন্ত্রী বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাবেন। সন্ধ্যায় তিনি নগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। 

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, “দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন এবারই প্রথম। আমাদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।”

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির প্রায় ২০ সহস্রাধিক সদস্যের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে নগরীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রাতেই বিমানে তাঁর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।