বাংলাদেশের কাছে হারের পর বাদ অজি ওপেনার

অনলাইন ডেস্কঃ
১৮ আগস্ট, ২০২৬ ১১:৫৯ এএম
শেয়ার করুন:
বাংলাদেশের কাছে হারের পর বাদ অজি ওপেনার

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর দ্বিতীয় টেস্টের দলে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাকেতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জেক ওয়েদারাল্ড। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। ঘোষিত স্কোয়াডে এটিই একমাত্র পরিবর্তন।

ডারউইনে নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। ছয় টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাটিং গড় নেমে এসেছে ২০.৩৬-এ। সর্বশেষ অ্যাশেজে ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস শুরু করেছিলেন তিনি এবং গত এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিও পান। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর এক ম্যাচেই তাঁর ওপর থেকে আস্থা হারিয়েছেন নির্বাচকেরা।

ওয়েদারাল্ডের ব্যাটিং প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “জেকের ব্যাটিং টেকনিক ও নড়াচড়ায় কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে ছোট পরিসরে সেটি আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কতটা সামলাতে পারবে, তা এখনই বলা কঠিন।”

ওয়েদারাল্ডের জায়গায় দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডের সাথে ইনিংস ওপেন করার দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাট রেনশ। ৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে টেস্ট খেলেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন তিনি। দ্বিতীয় টেস্টের ভেন্যু ‘গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা’য় প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর। এছাড়া শেফিল্ড শিল্ডের গত মৌসুমে ১০ ইনিংসে প্রায় ৫০ গড়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন। তবে ওপেনিংয়ে রেনশর জায়গা এখনও নিশ্চিত নয়; প্রয়োজনে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকেও হেডের উদ্বোধনী সঙ্গী হিসেবে দেখা যেতে পারে।

এদিকে টানা রানখরায় থাকার পরও দলে জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ডারউইন টেস্টে তাঁর ব্যাট থেকে আসে ১ ও ৩১ রান। সর্বশেষ ৪২ ইনিংসে তাঁর গড় মাত্র ২৫.২৩ এবং প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই তাঁর। লাবুশেন প্রসঙ্গে কোচ ম্যাকডোনাল্ড বলেন, “৩১ কোনো বড় স্কোর নয়। সে রান পাচ্ছে না, এটি সে যেমন জানে, আমরাও জানি। তাকে আবারও চেনা ফর্মে ফেরাতে আমরা কাজ করছি।”

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চার দিনেই অজিদের হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ সমতায় শেষ করতে হলে আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ম্যাকে টেস্টে জয়ের কোনো বিকল্প নেই প্যাট কামিন্সের দলের সামনে।

দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।