বড় স্বপ্ন দেখে মানুষের পাশে দাঁড়াতে হবে: নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের বিদায় সংবর্ধনায় উপ-উপাচার্য

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১৭ আগস্ট, ২০২৬ ৫:৩১ পিএম
শেয়ার করুন:
বড় স্বপ্ন দেখে মানুষের পাশে দাঁড়াতে হবে: নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের বিদায় সংবর্ধনায় উপ-উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “তোমাদের এই দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দেশ ও দেশের মানুষের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তোমাদের প্রতি আমার আহ্বান—তোমরা বড় স্বপ্ন দেখবে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে; একই সঙ্গে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা লালন করবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের ভেতর দেশ, সমাজ ও মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ তৈরি হওয়া প্রয়োজন।” অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার সাফল্য কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এখন কর্মজীবন ও উচ্চশিক্ষার এক বৃহত্তর পরিসরে প্রবেশ করছে।” এ সময় তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক এবং ৯ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায় স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাসে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং তাদের শিক্ষাজীবনের এই পথচলায় দিকনির্দেশনা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।