ভূমধ্যসাগরে ১০ দিন ভেসে মিশরে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারিয়েছেন ৯ জন: দূতাবাসের বিবৃতি

অনলাইন ডেস্কঃ
১৭ আগস্ট, ২০২৬ ১:২৩ পিএম
শেয়ার করুন:
ভূমধ্যসাগরে ১০ দিন ভেসে মিশরে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারিয়েছেন ৯ জন: দূতাবাসের বিবৃতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে দিকভ্রষ্ট হয়ে মিশরের উপকূলে পৌঁছানো ২৯ জন বাংলাদেশির বিষয়ে প্রাথমিক প্রতিবেদন ও বিবৃতি প্রকাশ করেছে মিশরের কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। উদ্ধার হওয়া এই প্রবাসীরা বর্তমানে মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কায়রোর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

১০ দিন সাগরে ভেসে থাকার মর্মান্তিক ঘটনা  
দূতাবাসের প্রতিবেদনে জানানো হয়, মানবপাচারকারী চক্রের সহায়তায় গত ৩ আগস্ট ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানিসহ মোট ৪২ জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার তবরুক উপকূল থেকে একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। ইঞ্জিনচালিত নৌকাটিতে উপযুক্ত কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। মাত্র ৩৬ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানোর কথা বলে তাদের তোলা হলেও মাঝপথে জ্বালানি ফুরিয়ে নৌকাটি দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং টানা ১০ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে।

অনাহার ও পানিশূন্যতায় সাগরে মৃত্যু  
টানা ১০ দিন সমুদ্রে ভেসে থাকার সময় তীব্র গরম, প্রখর সূর্যতাপ এবং খাদ্য ও সুপেয় পানির অভাবে ১০ জন যাত্রী মারা যান। মৃতদের মধ্যে ৯ জন বাংলাদেশি এবং ১ জন সুদানি নাগরিক। উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিক আব্দুল করিম জানান, দীর্ঘদিন সমুদ্রে ভাসমান থাকার কারণে মৃতদেহগুলোতে পচন ধরায় জীবিত সহযাত্রীরা বাধ্য হয়ে মরদেহগুলো সাগরে ভাসিয়ে দেন।

উদ্ধার ও চিকিৎসা  
গত ১৩ আগস্ট দিকভ্রষ্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন গুরুতর অসুস্থ ও অচেতন থাকায় তাদের তাৎক্ষণিকভাবে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া ২৯ জন বাংলাদেশি নাগরিকই মিশরীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

দেশে ফিরিয়ে আনার উদ্যোগ 
ঘটনার খবর পাওয়ার পরপরই কায়রোর বাংলাদেশ দূতাবাস স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কনসুলার সেবা দেওয়া হচ্ছে। অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে মিশরের স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।