আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ শুরু: জেলেদের ভিজিএফ কার্ড বরাদ্দের আশ্বাস এমপি ইলিয়াস মোল্লার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৬ আগস্ট, ২০২৬ ৬:০৬ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ শুরু: জেলেদের ভিজিএফ কার্ড বরাদ্দের আশ্বাস এমপি ইলিয়াস মোল্লার

‘মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। 

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, “মা মাছ ও পোনা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। এ সময় তাদের জীবিকা উপার্জনের বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। অথচ আলফাডাঙ্গার জেলেদের জন্য কোনো ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলে পরিবারের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে দ্রুত ডিও লেটার পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি জানান, জেলেদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে তিনি নিজে মন্ত্রণালয়ে গিয়ে কথা বলবেন।

আলফাডাঙ্গার মৎস্য খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, “এ উপজেলায় স্থানীয় চাহিদার চেয়েও বেশি মাছ উৎপাদিত হয়। এখানকার জলাশয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা ও উন্মুক্ত করা গেলে উৎপাদনের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত জেলেদের মাছ ধরার সুযোগ নিশ্চিত করতে হবে।” এছাড়া দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও উৎপাদন বাড়াতে মৎস্য গবেষণার পরিধি বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন—এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষী—অমৃত লাল বিশ্বাস, মোহাম্মদ আলী ও গোবিন্দ বিশ্বাসকে সম্মাননা পদক ও ক্রেস্ট প্রদান করা হয়। 

উল্লেখ্য, মৎস্য সম্পদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।