ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ৮৬

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ৮৬

ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সঙ্গে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে—যার সংখ্যা ১৩ জন। এ ছাড়া নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সরকারি হাসপাতালগুলোতে মোট ৩৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। 

মোট শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আক্রান্তের সংখ্যা ২২৬ জন। 

এ ছাড়া অন্যান্য উপজেলার মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬৩ জন, মধুখালীতে ২৩ জন, বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ২১ জন, নগরকান্দায় ১৩ জন, চরভদ্রাসনে ১০ জন, আলফাডাঙ্গায় ৫ জন এবং সদরপুর ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।