বরিশাল ল’ কলেজের ইতিহাসে নতুন রেকর্ড: এলএলবি ফাইনালে প্রথম শ্রেণীতে প্রথম দৌলতপুরের জান্নাতুল

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৩০ জুলাই, ২০২৬ ১:০৪ পিএম
শেয়ার করুন:
বরিশাল ল’ কলেজের ইতিহাসে নতুন রেকর্ড: এলএলবি ফাইনালে প্রথম শ্রেণীতে প্রথম দৌলতপুরের জান্নাতুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি শেষ পর্ব পরীক্ষা-২০২৩-এ বরিশাল ল' কলেজের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে অনন্য রেকর্ড গড়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কৃতী সন্তান জান্নাতুল ফেরদৌস। সংসার ও কর্মজীবন সামলে তাঁর এই অসামান্য অর্জনে উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং নিজ জেলা কুষ্টিয়ার মানুষ।

জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের সন্তান। তাঁর পিতা মো. লালু বিশ্বাস ও মাতা মোসাম্মৎ সুফিয়া খাতুন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। বর্তমানে তিনি মনিরুল ইসলাম খানের সহধর্মিণী।

প্রায় এক যুগ আগে স্বামীর চাকরির সূত্রে বরিশালের গৌরনদীতে বসবাস শুরু করেন জান্নাতুল। সেখানে একটি ইংলিশ কোচিং সেন্টার পরিচালনা ও সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি বরিশাল ল' কলেজে আইনে ভর্তি হন। একাধারে গৃহিণী, শিক্ষক ও শিক্ষার্থী—তিন রূপেই সমান দক্ষতার পরিচয় দিয়ে নিজের পরিশ্রম ও মেধার স্বাক্ষর রাখলেন এই নারী।

নিজের এমন সাফল্যে প্রতিক্রিয়া জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, "সব কৃতিত্ব মহান আল্লাহর। ছোটবেলা থেকে মা সবসময় অনুপ্রেরণা দিয়েছেন আর প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন আমার স্বামী। পাশাপাশি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. মাহফুজ আলম স্যারের দিকনির্দেশনাই আমাকে আইনের প্রতি অনুরাগী করে তোলে।" কলেজের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নোট তৈরি করে এবং প্রতিটি আইনধারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন। তাঁদের এই অক্লান্ত পরিশ্রমই আমার আজকের এই ফলাফলের ভিত্তি।"

বরিশাল ল' কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, "জান্নাতুল ফেরদৌসের এই অভাবনীয় সাফল্য বরিশাল ল' কলেজের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তাঁর এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।"

উপ-অধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম কৃতী এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, "প্রথম শ্রেণীতে প্রথম হয়ে জান্নাতুল আমাদের কলেজের সম্মান বহুলাংশে বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"

বরিশাল ল' কলেজ সূত্রে জানা যায়, ২০২৩ সালের এলএলবি ফাইনাল পরীক্ষায় মোট ২৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হন। ফলাফলে একমাত্র জান্নাতুল ফেরদৌসই প্রথম শ্রেণী অর্জন করেন। এ ছাড়া ১৭৭ জন দ্বিতীয় বিভাগ এবং ৭৫ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর পরিবারের সমর্থনে যেকোনো প্রতিকূলতা ডিঙিয়ে যে শীর্ষে পৌঁছানো সম্ভব—জান্নাতুল ফেরদৌসের এই সাফল্য তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। তাঁর এই কৃতিত্ব বরিশাল ল' কলেজের পাশাপাশি পুরো কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলাকে গর্বিত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।