এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার মিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তাঁর দপ্তরে গিয়ে সংবর্ধনা জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। গত মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন। তবে সংসদ সদস্যের দলীয় নেতাকর্মী নিয়ে একজন প্রাশাসনিক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এভাবে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয় প্রটোকল ও কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নবাগত ইউএনওকে সংবর্ধনা দেওয়ার সেই ছবি সংসদ সদস্য আব্দুল গফুর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জোমারত আলী, উপজেলা জামায়াতের আমির ও পৌর মেয়র প্রার্থী রেজাউল করিম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল এটিকে ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কাজের চমৎকার পরিবেশ তৈরিতে সহায়তা করবে।
তবে অন্য পক্ষ এটি নিয়ে তীব্র সমালোচনা করছেন। রাষ্ট্রীয় প্রটোকল বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী, সংসদ সদস্যকে প্রশাসনিক কর্মকর্তারা অভ্যর্থনা জানানোর কথা। কিন্তু সেখানে একজন সংসদ সদস্য দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দেওয়ায় প্রটোকল লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন তারা। একই সঙ্গে এটি প্রজাতন্ত্রের কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করে বলে অনেকের দাবি।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, “সাধারণত স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাই সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। কিন্তু একজন সংসদ সদস্য যেভাবে নেতাকর্মী নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিতে গেলেন, তাতে প্রশাসনিক কর্মকর্তার ওপর একটি অপ্রকাশিত রাজনৈতিক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হতে পারে। এটি সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রটিকে জটিল করে তোলে।”
বিতর্কের বিষয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, তিনি গত ২৬ জুলাই মিরপুরে যোগদান করেছেন। সংসদ সদস্য সৌজন্যমূলকভাবে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন ও উপহার দিয়েছেন। সমালোচনা প্রসঙ্গে ইউএনও বলেন, “যেহেতু এলাকায় উন্নয়নমূলক কাজের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সে জায়গা থেকেই তিনি নিজ উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন। সাক্ষাতকালে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।”
এ ঘটনায় মন্তব্যের জন্য সংসদ সদস্য আব্দুল গফুরের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।