এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দিন আনি দিন খাই, বৃষ্টি নামলে সারা রাত জেগে বসে থাকি, মাটির মেঝেতে পানি জমে বিছানা ভিজে যায়। খুঁটি নড়বড়ে, যেকোনো সময় ভেঙে পড়ার ভয়ে সন্তানদের বুকে জড়িয়ে ধরি।"—কয়েক দিন আগেও এভাবেই নিজেদের অসহায়ত্ব ও বেঁচে থাকার করুণ লড়াইয়ের কথা বলছিলেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী এলাকার চন্দ্রলাল তনচংগ্যা ও ফুলবী তনচংগ্যা দম্পতি। দুই সন্তান নিয়ে ভাঙাচোরা আর পচন ধরা খুঁটির ঘরে বর্ষার রাতগুলো ছিল তাদের কাছে এক আতঙ্কের নাম।
তবে মানবিকতার ছোঁয়ায় অবশেষে ফুরিয়েছে তাদের সেই দুশ্চিন্তার রাত। এই অসহায় পরিবারের জীবনে আলোর দিশারী হয়ে পাশে দাঁড়িয়েছেন জাতীয় সাইক্লিস্ট ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিবুল ইসলাম। তার ব্যক্তিগত উদ্যোগ এবং দেশ-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি মজবুত নতুন ঘরের চাবি আজ এই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।
সাইক্লিস্ট রাকিবুল ইসলাম জানান, গত চার বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সাইক্লিং প্রশিক্ষণের সুবাদে পাহাড়ের প্রকৃতি ও স্থানীয় মানুষের সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, "পাহাড়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দিয়েছে, তার প্রতিদানস্বরূপ এটি আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার মাত্র।" উল্লেখ্য, রাকিবুল ইসলাম এর আগেও খাগড়াছড়িতে আরও তিনটি অসহায় পরিবারকে গৃহনির্মাণে সহায়তা করেছেন।
এই মহতী উদ্যোগকে মাঠ পর্যায়ে সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা। তার নিরলস প্রচেষ্টা এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় পরিবারটি আজ একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। ঘরটি হস্তান্তরের সময় আবেগাপ্লুত বীর কুমার তনচংগ্যা বলেন, "সমাজের মানুষের বিপদে মানুষই যদি পাশে না দাঁড়ায়, তবে পৃথিবীটা অনেক বেশি রূঢ় হয়ে যেত। আজ এই পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে দেখে যে শান্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।"
নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশীষ কুমার তনচংগ্যা ও শ্যামল তনচংগ্যা, এবং সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা উজ্জ্বলা রাণী তনচংগ্যা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তনচংগ্যা, সাধারণ সম্পাদক টিপু তনচংগ্যা, সহ-কোষাধ্যক্ষ সোহেল তনচংগ্যা, সদস্য অপু তনচংগ্যা এবং লেডি বাইকার ও স্কুটি প্রশিক্ষক জেমিয়া ফারজানা নিতু। এছাড়া বাংলাদেশ তনচংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (কাপ্তাই অঞ্চল) ও কাপ্তাই ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ এই মানবিক কাজের সাক্ষী হন।
নতুন ঘরে আশ্রয় পাওয়ার পর চন্দ্রলাল ও ফুলবী দম্পতির চোখে ছিল আনন্দাশ্রু। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমরা ভাবতেও পারিনি আমাদের জীবনে এমন একটি দিন আসবে। আগে বৃষ্টি হলেই মনে হতো আকাশ ভেঙে মাথায় পড়বে, এখন এই ঘরটি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।"
দুর্যোগপূর্ণ এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সাইক্লিস্ট রাকিবুল ইসলাম ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ এখন এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।