সংসদে অলি-আল্লাহ থাকায় সরকারি দল আতঙ্কিত’

অনলাইন ডেস্কঃ
২ জুলাই, ২০২৬ ৪:৫৯ পিএম
শেয়ার করুন:
সংসদে অলি-আল্লাহ থাকায় সরকারি দল আতঙ্কিত’

জাতীয় সংসদে ‘অলি-আল্লাহ’দের উপস্থিতির কারণে সরকারি দলের সদস্যরা সবসময় এক ধরনের আতঙ্কে থাকেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গত বুধবার (১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি রসাত্মক ভঙ্গিতে বলেন, ‘বর্তমান সংসদে এমন কিছু অলি-আল্লাহ আছেন, যাদের অদ্ভুত সব লক্ষণ রয়েছে। তারা কাউকে মরে যেতে বললে যেন সঙ্গে সঙ্গেই সে মারা যাবে—এমন একটা ধারণা তৈরি হয়েছে। তাদের ইশারায় নাকি সূর্যও স্থির থাকে! এমন অলৌকিক ক্ষমতার মানুষের ভয়ে সরকারি দলের মন্ত্রী-এমপিরা সবসময় আতঙ্কে থাকেন যে, কখন কার ওপর অভিশাপ নেমে আসে।’ 

তিনি আরও বলেন, ‘এখানে নরম-গরম ও শরম—সব মিলিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে অলৌকিক অভিশাপের ভয়, অন্যদিকে দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে একে অপরের প্রতি এক ধরনের সংকোচ বা শরম কাজ করে। ফলে তারা সরাসরি একে অপরের বিরোধিতা করতে পারেন না।’

চলমান সংসদের বাজেট বিতর্ককে ‘অতি নাটকীয়তা’ হিসেবে আখ্যায়িত করেন সাবেক এই সাংসদ। এ প্রসঙ্গে একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘ঢাকা স্টেডিয়ামে লিওনেল মেসিকে এনে যদি আগে থেকেই ঠিক করে দেওয়া হয় যে তিনি কীভাবে কয়টি গোল দেবেন, তবে সেই খেলা দেখার কোনো আকর্ষণ থাকে না। আমাদের পার্লামেন্টে যা কিছু হচ্ছে, তা অনেকটা তেমনই।’ সংসদে সাংসদদের বিভিন্ন ভাষায় বক্তব্য দেওয়াকে গ্রামীণ ‘পালাগান’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, সংসদে এখন অলি-আল্লাহ ও গাউস-কুতুবদের কোনো অভাব নেই।

আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূয়সী প্রশংসা করেন গোলাম মাওলা রনি। তাকে ‘বাংলার উইনস্টন চার্চিল’ এবং ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে রনি বলেন, ‘সালাউদ্দিন সাহেব বক্তব্য দিতে উঠলে পুরো সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিহাস, সংবিধান, ধর্ম থেকে শুরু করে সব বিষয়ে তার দারুণ পারদর্শিতা রয়েছে। তিনি ১০ মিনিট সময় চাইলে স্পিকার তাকে ৪০ মিনিট সময় দিয়ে দেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী শিবিরের সমালোচনার বিষয়ে রনি বলেন, রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন না পেয়ে বিরোধী দলে চলে গেছেন। ফারজানা পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় রুমিন ফারহানার মনে কিছুটা ক্ষোভ বা অভিমান থাকা স্বাভাবিক। সেই দুঃখ থেকেই তিনি কিছু সমালোচনা করছেন এবং সরকারি দলের কর্তাব্যক্তিরাও বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন।

বর্তমান সংসদের চমৎকার পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে এখন এক ধরনের চমৎকার আবহ রয়েছে। বিরোধী বেঞ্চে থাকা জামায়াত নেতারা সুগন্ধি আতর মেখে আসেন, যার সুবাস চারপাশে ছড়িয়ে পড়ে। সরকারি দলের অনেক এমপি-মন্ত্রীও দামী সেন্ট ব্যবহার করেন।’ অতীতের স্মৃতি রোমন্থন করে তিনি রসিকতা করে বলেন, ‘আমরা যখন সংসদে ছিলাম, তখন অনেক এমপি ঠিকমতো দাঁত মাজতেন না, গা থেকে ঘামের গন্ধ আসত। তবে এখনকার পরিবেশ তেমন নয়। সব মিলিয়ে বর্তমান সংসদকে একটি চমৎকার ও অলৌকিক সংসদ বলা চলে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।