ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্কঃ
২ জুলাই, ২০২৬ ৫:০৩ পিএম
শেয়ার করুন:
ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক এই দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত সেই বক্তব্যটি দ্রুত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নাছির উদ্দিন নাছির লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এত আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।”

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও লেখেন, “১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, সঠিক দিকে। আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।”

ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যকে ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ আখ্যা দিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতিসত্বর এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।”

যে বক্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া:
এর আগে গত বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিশ্ববিদ্যালয়টি নিয়ে একটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। 

সেদিন তিনি বলেছিলেন, “বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউট-বাটপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কী ক্ষতি হবে?” 

ব্যারিস্টার ফুয়াদের এমন মন্তব্যের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।