‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

অনলাইন ডেস্কঃ
১৬ জুলাই, ২০২৬ ১:৪৯ পিএম
শেয়ার করুন:
‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

বাংলাদেশের সংবিধান সংস্কার করে নতুনভাবে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের তৈরি করা সংবিধানের কারণে দেশের বহু মানুষের প্রাণহানি ঘটেছে। দেশের মানুষ আর সেই সংবিধানের অধীনে থাকতে চায় না। আমরা কোনোভাবেই সেই সংবিধানের পাহারাদার হব না।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট শহরের প্রধান সড়কে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে শহীদ ডা. আবুল কাশেম মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটোয়ারী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, "ভোটকেন্দ্র দখল ঠেকাতে সবাইকে হাজী শরিয়তুল্লাহর লাঠিয়াল বাহিনীর মতো লাঠি প্রস্তুত রাখতে হবে। কেউ যদি কেন্দ্র দখল করার চেষ্টা করে, তবে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তা প্রতিহত করা হবে।" এ সময় তিনি জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর জোর দেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। এমনকি বিএনপির ৩১ দফাতেও সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু তারা এখন সংবিধান সংস্কারের ব্যাপারে দ্বিচারিতা করছে।" জুলাই সনদ বাস্তবায়ন না হলে তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে বলে তিনি সতর্ক করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, "আওয়ামী লীগ আমলে নীল দল যেভাবে অনিয়ম ও আধিপত্যের রাজত্ব তৈরি করেছিল, এখন বিএনপিপন্থি সাদা দলও একই পথ অনুসরণ করছে। ছাত্র-জনতা রক্ত দিয়ে এমন পরিবর্তন চায়নি।" এছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসানো, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং টেন্ডারবাজির সমালোচনা করেন তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করে তিনি বলেন, "তিনি দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন এবং দেশের সম্পদ ধ্বংস করেছেন। তবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।"

সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপির যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির বক্তব্য রাখেন। বক্তারা একটি বৈষম্যহীন, মাদক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।