বদলে যাচ্ছে কলকাতার মালিকানা: প্রায় ৫ হাজার কোটি টাকার মেগা ডিল

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৪:০১ পিএম
শেয়ার করুন:
বদলে যাচ্ছে কলকাতার মালিকানা: প্রায় ৫ হাজার কোটি টাকার মেগা ডিল

আসন্ন আইপিএল (IPL) মৌসুমের আগেই মালিকানায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে দলটির সম্পূর্ণ মালিকানা নয়, হাতবদল হতে চলেছে আংশিক শেয়ার। ফ্র্যাঞ্চাইজির অন্যতম সহ-মালিক জয় মেহতা তাঁর অংশীদারিত্বের অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার খ্যাতনামা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যারেস ম্যানেজমেন্ট’ (Ares Management)-এর কাছে এই শেয়ার বিক্রি করা হচ্ছে। সম্পূর্ণ নগদ অর্থে হতে চলা এই লেনদেনের আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,৭৪২ কোটি টাকা। চুক্তিটি বর্তমানে চূড়ান্ত রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। 

এই ঐতিহাসিক চুক্তির ফলে কেকেআরের মোট বাজারমূল্য এসে দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা)। আইপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী, এই ধরনের বিক্রয়মূল্যের ৫ শতাংশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিতে হয়। সেই হিসেবে বিসিসিআইয়ের কোষাগারে জমা পড়বে প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।

মালিকানার বর্তমান সমীকরণ
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে বলিউড তারকা শাহরুখ খানের হাতে রয়েছে সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার, যা সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। বাকি ৪৫ শতাংশ শেয়ার ছিল জয় মেহতা ও জুহি চাওলার অধীনে। সেই ৪৫ শতাংশের অর্ধেক (২২.৫%) মার্কিন সংস্থার কাছে হস্তান্তর করছেন জয় মেহতা। ফলে শাহরুখ খানের শীর্ষ মালিকানা অক্ষুণ্ণ থাকার পাশাপাশি জয় মেহতা ও জুহি চাওলাও ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন।

বৈশ্বিক ক্রীড়াজগতে ‘অ্যারেস ম্যানেজমেন্ট’
মার্কিন এই বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাদের ধারাবাহিক বিনিয়োগের জন্য সুপরিচিত। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ফুটবল ক্লাব ‘চেলসি’ এবং মার্কিন এনএফএল-এর দল ‘মায়ামি ডলফিনস’-এ ইতিমধ্যেই তাদের বড় অঙ্কের অংশীদারিত্ব রয়েছে। এছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের দল ‘ট্রেন্ট রকেটস’-এরও সহ-মালিক তারা। কেকেআরের মাধ্যমে এবার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট লিগ আইপিএলেও আনুষ্ঠানিক প্রবেশ ঘটছে তাদের।

আইপিএলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ধারা
অ্যারেস ম্যানেজমেন্টের এই চুক্তি কেকেআর-কে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সারিতে নিয়ে এসেছে, যারা উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি প্রাতিষ্ঠানিক পুঁজি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে—
রাজস্থান রয়্যালস: ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক মূল্যায়ন দাঁড়িয়েছিল প্রায় ১৫,৬৬০ কোটি টাকায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপের পাশাপাশি মার্কিন বিনিয়োগকারী ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারসের মতো প্রতিষ্ঠানের আগমনে তাদের বাজারমূল্য নির্ধারিত হয়েছিল প্রায় ১৬,৬৬০ কোটি টাকা। 
গুজরাত টাইটান্স: ২০২২ সালে সিভিসি ক্যাপিটাল দলটির মালিকানা পাওয়ার পর নিজেদের হাতে ৩৩ শতাংশ শেয়ার রেখে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে।

কেকেআরের গৌরবময় যাত্রা
২০০৭ সালে আইপিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে হওয়া প্রথম নিলামের পর শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা যৌথভাবে গঠন করেছিলেন ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’। দল পরিচালনার পর থেকে ২০১২, ২০১৪ এবং সবশেষ ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে লিগের অন্যতম সফলতম দলে পরিণত হয়েছে কেকেআর। আমেরিকান বিনিয়োগকারী সংস্থার এই বিশাল অঙ্কের অন্তর্ভুক্তি কেকেআরের প্রায় দুই দশকের ইতিহাসে এক নতুন বাণিজ্যিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।