এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই লিগ্যাল নোটিশটি পাঠান।
নোটিশে কূটনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে আনার পর বিশেষ কারা হেফাজতে রাখা এবং প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সুনির্দিষ্ট সাত দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে না জানালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে পাঠানো এ নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।
জাতীয় নিরাপত্তার ঝুঁকি ও নোটিশের কারণ:
নোটিশদাতা আইনজীবী স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক দল কিংবা বর্তমান সরকারের পক্ষে নয়; বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই উদ্যোগ নিয়েছেন। নোটিশে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, দীর্ঘদিন সরকারপ্রধানের দায়িত্বে থাকায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও সংবেদনশীল নানা রাষ্ট্রীয় তথ্য সাবেক প্রধানমন্ত্রীর জানা রয়েছে। ফলে প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘকালীন অবস্থান এসব তথ্যের নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
নোটিশে উল্লেখিত সাত দফা প্রস্তাব:
১. কূটনৈতিক যোগাযোগ: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি (‘নোট ভার্বাল’) পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা।
২. দূতাবাসে আত্মসমর্পণের সুযোগ: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের আলোকে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে তাঁর প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা নিশ্চিত করা।
৩. গ্রেপ্তার ও হেফাজতে গ্রহণ: আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল ভারতে গিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও নিজ হেফাজতে নেবে।
৪. দেশে প্রত্যাবর্তন: বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করে পুলিশের কঠোর পাহারায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে করে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা।
৫. বিশেষ সাব-জেল ঘোষণা: সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করা। ঢাকায় অবতরণের পরপরই বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তাঁকে সেখানে স্থানান্তর করা।
৬. আপিলের সুযোগ বিবেচনা: দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে রায়ের বিরুদ্ধে আপিলের আইনি সুযোগ বিবেচনা করা।
৭. ভার্চুয়াল বিচার কার্যক্রম: নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাঁর বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম ‘তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুযায়ী ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন করা এবং চূড়ান্ত রায় কার্যকর করা।
পটভূমি:
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। এরপর থেকেই তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
ডিসেম্বর ২৭, ২০২৫
জানু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।