ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও ইউএনও

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:৩২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও ইউএনও

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাংকটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা ভবনে এ ঘটনা ঘটে। 

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মশাল ও কেরোসিন ব্যবহার করে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় ধোঁয়া ওপরের দিকে উঠতে দেখে ভবনে অবস্থানরত শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীরা সতর্ক হয়ে যান। তাঁরা দ্রুত নিচে নেমে বৈদ্যুতিক মোটরের পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যায়, ফলে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র বা মালামালের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার বর্ণনা দিয়ে গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, “রাতে আমি ভবনের একটি কক্ষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জানালা দিয়ে ধোঁয়া ঢুকতে দেখে ঘুম ভেঙে যায়। দ্রুত নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি ব্যবহার করে দ্রুতই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।” তিনি আরও জানান, পরদিন সকালে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।