কাউখালীতে ঐতিহাসিক রাস উৎসবের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৪:০৬ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে ঐতিহাসিক রাস উৎসবের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী রাস উৎসব। এই ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আশ্রম এলাকার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী এবং পুলিশ সুপার মো. তালেবুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কাউখালীস্থ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় উৎসবের সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগত লাখো ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা, সুশৃঙ্খল গাড়ি পার্কিং, পর্যাপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজন ও খাবার রান্নার ঘর স্থাপনসহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ ছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সময়োপযোগী অনুষ্ঠানসূচি প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তা।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উৎসব আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) এবাদ আলী উপস্থিত ছিলেন। আশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ‘শ্রীগুরু সংঘের রাস উৎসব কেবল কাউখালী বা পিরোজপুরের নয়, এটি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পুলিশ সুপার মো. তালেবুর রহমান বলেন, ‘রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এদিকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় এবারের রাস উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।