সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

অনলাইন ডেস্কঃ
১২ অক্টোবর, ২০২৬ ১১:০৩ এএম
শেয়ার করুন:
সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ জোরদার করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় এ লক্ষ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প প্রস্তাব তৈরি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, শেরেবাংলা নগরের সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে গড়ে তোলা হবে নতুন সচিবালয় কমপ্লেক্স। আর আবদুল গনি রোডের বর্তমান সচিবালয় চত্বরে পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে সরকারপ্রধানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্য নকশা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে। তাঁর দেওয়া পরামর্শ ও পর্যবেক্ষণ আমলে নিয়ে নকশা এবং পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত অধিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে চলছে বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ। 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়ার পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য রয়েছে। সরকারের ইচ্ছা অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজেই এর কাজের উদ্বোধন করতে পারেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব দাপ্তরিক প্রস্তুতি শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

স্থাপত্য অধিদপ্তর জানিয়েছে, নতুন সচিবালয়ের জন্য তিনটি বিকল্প নকশা প্রস্তুত করে উপস্থাপন করা হয়েছে। একনেকে অনুমোদন পেলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণকাজ শুরু হবে। প্রথম ধাপে তিন বছরের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানান্তরের লক্ষ্য থাকলেও পুরো কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।