ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, বন্ধ রানওয়ে

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:৪৯ পিএম
শেয়ার করুন:
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, বন্ধ রানওয়ে

উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে যাওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে। তবে পাইলটের দক্ষতায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। অক্ষত আছেন ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু। 

এদিকে, ফ্লাইটটির জরুরি অবতরণ নিশ্চিত করতে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। 

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-৪৩৬’ (উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর: এস২-একেই) উড্ডয়নের কিছুক্ষণ পরই পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানার পর পাইলট কালবিলম্ব না করে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা (মে ডে/জরুরি অবতরণের সংকেত) পাঠান।

জরুরি অবতরণের ক্ষেত্রে ঝুঁকি কমাতে এবং উড়োজাহাজের ওজন হ্রাস করতে আকাশে জ্বালানি পোড়ানোর প্রয়োজন পড়ে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি অবতরণের আগে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। সে সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

জরুরি অবতরণ নির্বিঘ্ন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ঢাকা টাওয়ারের তথ্যমতে, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং সব ধরনের ফ্লাইট ওঠা-নামা স্থগিত করা হয়। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধারকারী দল।

অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি রানওয়েতে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি; সবাই নিরাপদে আছেন। উড়োজাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর রানওয়েতে পুনরায় স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।