নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
৯ অক্টোবর, ২০২৬ ৪:৫০ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখ গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৬-এর সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালনা করে।

এসআরবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকার বাসিন্দা ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে বাবলু শেখসহ অন্য আসামিরা কৌশলে নিজেদের বাড়িতে ডেকে নেন। পরে শিশুটি বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়ি সংলগ্ন বাগান থেকে মাহফুজার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পারিবারিক পূর্ববিরোধের জেরে গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময় শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে নজরদারি জোরদার করে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ থেকে মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।