বাবার দাফনে ব্যস্ত পরিবার, ফাঁকা বাড়ি থেকে পৌনে ৬ লাখ টাকার মালামাল চুরি

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
৯ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
বাবার দাফনে ব্যস্ত পরিবার, ফাঁকা বাড়ি থেকে পৌনে ৬ লাখ টাকার মালামাল চুরি

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় এক বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাবার মৃত্যুর পর দাফন ও পারিবারিক কাজে স্বপরিবারে বাইরে থাকার সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় পৌনে ছয় লাখ টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্র। 

এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. মিজানুর রহমান খান (৪৮)। 

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকালে মিজানুর রহমানের বাবা মারা যান। বাবার দাফন-কাফন ও আনুসঙ্গিক কাজের জন্য তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ধুলিয়ারী এলাকার তাঁর নিজ বসতঘরটি তালাবদ্ধ ছিল। 

বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে ব্যাংকের চেক বই নিতে নিজ বাড়িতে ফেরেন মিজানুর রহমান। ঘরে প্রবেশ করতেই তিনি ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং ঘরের পেছনের দরজাটি খোলা দেখতে পান। পরে প্রতিবেশীদের ডেকে নিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, পেছনের কক্ষের স্টিলের আলমারি ভেঙে ভেতরে রাখা নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা ও প্রায় এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন নিয়ে গেছে চোরেরা। খোয়া যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। 

গৃহকর্তা মিজানুর রহমানের ধারণা, বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোরেরা পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, “ধুলিয়ারী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।