অস্ট্রেলিয়ার ফুটবলে ড্রয়ের নতুন সমাধান

অনলাইন ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পিএম
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার ফুটবলে ড্রয়ের নতুন সমাধান

লিগ ফুটবলে নির্ধারিত ৯০ মিনিট সমতায় শেষ হলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে—ফুটবলবিশ্বে এটিই স্বাভাবিক ও প্রচলিত নিয়ম। তবে এবার সেই চেনা সমীকরণে পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ফুটবল। ড্র হলেও লড়াইয়ের ইতি টানতে নারাজ তারা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ‘অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপে’ চালু হতে যাচ্ছে অভিনব এক নিয়ম; যেখানে ম্যাচ ড্র হলে সরাসরি পেনাল্টি টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে ‘বোনাস’ পয়েন্ট। 

২০২৬ মৌসুম থেকেই কার্যকর হতে যাওয়া এই নিয়মে ম্যাচের উত্তেজনা শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পয়েন্ট বণ্টন যেভাবে কাজ করবে:
স্বাভাবিক জয়-পরাজয়: নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল জিতলে আগের মতোই পুরো ৩ পয়েন্ট পাবে এবং পরাজিত দল কোনো পয়েন্ট পাবে না।
ম্যাচ ড্র হলে: ৯০ মিনিটে ম্যাচ অমীমাংসিত থাকলে দুই দলই প্রাথমিকভাবে ১টি করে পয়েন্ট নিশ্চিত করবে। অফিশিয়াল নথিতেও ম্যাচটির ফলাফল ‘ড্র’ হিসেবেই লিপিবদ্ধ হবে।
বোনাস পয়েন্টের লড়াই: ৯০ মিনিটের পর কোনো অতিরিক্ত সময় (এক্সট্রা টাইম) খেলা হবে না। সরাসরি পেনাল্টি টাইব্রেকারে যাবে ম্যাচ। টাইব্রেকারে জয়ী দল অতিরিক্ত ১টি ‘বোনাস পয়েন্ট’ অর্জন করবে। অর্থাৎ, ড্র করা ম্যাচ থেকে জয়ী দল নিয়ে মাঠ ছাড়বে মোট ২ পয়েন্ট এবং টাইব্রেকারে পরাজিত দল পাবে নির্ধারিত সময়ের ১ পয়েন্ট।

কেন এই পরিবর্তন?
টুর্নামেন্ট আয়োজক ও ক্লাবগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নিয়মটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, ম্যাচগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে ফুটবলারদের পেনাল্টি শ্যুটআউটের বাস্তব অভিজ্ঞতা গড়ে তোলাই এই নিয়মের মূল উদ্দেশ্য। 

টুর্নামেন্টের কাঠামো ও নিয়মের পরিধি:
১৬টি দল নিয়ে চারটি গ্রুপে ভাগ হয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। 

তবে টাইব্রেকারের এই অভিনব নিয়মটি কেবল গ্রুপ পর্বের (প্রথম পর্ব) জন্যই প্রযোজ্য হবে। কোয়ার্টার ফাইনাল থেকে আসরটি ফিরবে প্রচলিত নকআউট ফরম্যাটে—যেখানে নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে প্রথমে অতিরিক্ত সময় এবং তাতেও ফল না এলে পেনাল্টি টাইব্রেকার অনুষ্ঠিত হবে।

অতীতেও দেখা গেছে এমন নজির:
পেনাল্টি শ্যুটআউটে বাড়তি পয়েন্ট দেওয়ার এই ধারণা বিশ্ব ফুটবলে একেবারেই নতুন নয়। স্বাগতিক অস্ট্রেলিয়াতেই ১৯৯৪-৯৫ মৌসুমে তাদের তৎকালীন শীর্ষ প্রতিযোগিতা ‘ন্যাশনাল সকার লিগে (এনএসএল)’ একই ধরনের নিয়মের প্রয়োগ দেখা গিয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলোকে নিয়ে আয়োজিত জনপ্রিয় টুর্নামেন্ট ‘লিগস কাপ’-এও বর্তমানে এই নিয়ম চালু রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।