মারা গেছেন তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব

অনলাইন ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮ পিএম
শেয়ার করুন:
মারা গেছেন তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ নাট্যাঙ্গনের একাধিক শিল্পী।

সজীবের এমন আকস্মিক প্রয়াণে দেশের ছোটপর্দার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নির্মাতা আশিকুর রহমান জানান, কিছুদিন আগেই হৃদ্‌রোগজনিত অসুস্থতার কারণে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন সজীব।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে আশিকুর রহমান লেখেন, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও অনলাইনে সক্রিয় ছিলেন এই তরুণ নির্মাতা। এত অল্প বয়সে তার এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহকর্মীরা।

এদিকে মারুফ হোসেন সজীবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সজীবের একটি ছবি শেয়ার করে অপূর্ব ফেসবুকে লেখেন, *“আমাদের সবার প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”*

অনন্য নির্মাণশৈলী ও গল্প বলার নিজস্ব ধরনের কারণে নাট্যপ্রেমী ও দর্শক মহলে আলাদা পরিচিতি পেয়েছিলেন মারুফ হোসেন সজীব। নাটকের চিত্রনাট্য লেখার পাশাপাশি নিজেই সেগুলো পরিচালনা করতেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে পেয়েছেন সম্মাননাও।

তার পরিচালিত ও রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ এবং ‘নুসাইবা’।

তরুণ এই প্রতিভাবান নির্মাতার অকাল মৃত্যুতে নাট্যাঙ্গনের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও সহকর্মীরা স্মৃতিচারণ করে গভীর সমবেদনা জানাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।