আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে ডাকাতি: ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে ডাকাতি: ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় এক শিক্ষিকা ও তাঁর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দম্পতিকে মারধর করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে পৌরসভার মিঠাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ আলী (৬৩) আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক প্রধান অফিস সহকারী এবং তাঁর স্ত্রী রাশিদা খাতুন আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় মোহাম্মদ আলী আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল ডাকাত বাড়ির পূর্ব পাশের এসএস গ্রিল কেটে এবং গেস্ট রুমের দুটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষের ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে ধারালো দেশীয় অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে জিম্মি করে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা মোহাম্মদ আলীর হাত ও কাঁধে লোহার রড দিয়ে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

পরে ডাকাত দল ঘরের আলমারি, ওয়ার্ডরোব ও ফাইল ক্যাবিনেট তছনছ করে দুটি গলার হার, আট জোড়া কানের দুল, দুটি বালা, আটটি আংটি ও দুটি চেইনসহ মোট ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

মোহাম্মদ আলী জানান, ডাকাতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর। সবার মুখ ও কপাল গামছা দিয়ে বাঁধা ছিল। তাদের হাতে চাপাতি, ছুরি, রামদা ও লোহার রড ছিল এবং তারা নিজেদের মধ্যে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়ে রাত পৌনে তিনটার দিকে দম্পতিকে একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

পরে তাঁদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয় হারেজ ও হেমায়েত শেখ নামের দুই ব্যক্তি অস্ত্রধারী দলটিকে পালিয়ে যেতে দেখেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সটকে পড়ে।

ভুক্তভোগী শিক্ষক রাশিদা খাতুন আতঙ্ক প্রকাশ করে বলেন, “মধ্যরাতে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে ডাকাতরা ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। চোখের সামনে পুরো বাড়ি তছনছ করে মালামাল নিয়ে গেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

দম্পতির ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলাম বলেন, “পরিকল্পিতভাবে গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢুকে এ বর্বর ঘটনা ঘটানো হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।