এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ বিভিন্ন জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের মূল চালিকাশক্তি ও তৃণমূলের প্রধান ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, উন্নয়ন ও সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ক্ষমতার কার্যকর বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। এ লক্ষ্যে তিনি স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত এক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।
রাষ্ট্রপতি জেলা পরিষদ প্রশাসকদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনবান্ধব ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান কাজ। একই সঙ্গে জেলা পরিষদগুলোর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সাক্ষাতে উপস্থিত জেলা পরিষদের প্রশাসকরা তাদের প্রশাসনিক কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।