নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি ও সিডিআর বিক্রি চক্রের সদস্য গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম
শেয়ার করুন:
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি ও সিডিআর বিক্রি চক্রের সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় সরকারি বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইল রেকর্ড (সিডিআর)-সহ নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে মো. আব্দুস সালাম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর এলাকায় ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তার আব্দুস সালাম মান্দা উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, আব্দুস সালাম ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্র গড়ে তুলেছিলেন। তারা ডিজিটাল ডিভাইস, বিভিন্ন অনলাইন আইডি এবং মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে সরকারি বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। সেখান থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) ও বর্তমান অবস্থানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অর্থের বিনিময়ে সরবরাহ করতেন। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুস সালাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করেছিলেন। সেই সুবাদে সার্ভারে প্রবেশ ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের বিষয়ে তার বিস্তারিত ধারণা তৈরি হয়। পরবর্তীতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে এসব স্পর্শকাতর তথ্য বিক্রি শুরু করেন।

অভিযানের সময় তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক ব্যক্তির সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের সর্বশেষ লোকেশন ট্র্যাকিংয়ের তথ্য পাওয়া গেছে। 

র‍্যাব আরও জানিয়েছে, এসব স্পর্শকাতর তথ্য সংগ্রহের পেছনে নির্বাচন অফিস বা সংশ্লিষ্ট কোনো দপ্তরের অভ্যন্তরীণ কেউ জড়িত আছে কি না এবং চক্রটি এ পর্যন্ত কী পরিমাণ তথ্য পাচার করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আব্দুস সালামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় ডিজিটাল নিরাপত্তা ও সাইবার অপরাধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।